রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়া যাওয়ার ঘটনায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও সেগুলোতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার একই সময়ে দুটি স্থানে বোমাতঙ্ক দেখা দেয়। পরে বোমা বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন, উদ্ধার হওয়া বস্তু দুটি বোমা নয়। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির। ব্যাগ খুলে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি। শনিবার সকালে রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট থানার পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি পরিত্যক্ত ব্যাগে বোমাসদৃশ বস্তু থাকার কথা জানায় ডিএমপি। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছেও একটি সন্দেহজনক বস্তা পাওয়া যাওয়ায় সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এরপর দুপুর ১টা ১০ মিনিটে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন বন্ধ করে দিয়ে স্থানটি ঘিরে ফেলে পুলিশ। এ ঘটনার পর সংশ্লিষ্ট স্থানগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডিএমপি জানায়, খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে প্রথম ঘটনায় বোমাসদৃশ বস্তু থাকার সংবাদের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট সন্দেহজনক ব্যাগটি এক্স-রে করে। এতে ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু দেখা গেলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। পরে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি। ফার্মগেটের ঘটনার বিষয়ে ডিএমপি জানিয়েছে, তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তা ঘিরে বোমা সন্দেহের সৃষ্টি হলে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করেন। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই। ডিএমপি নগরবাসীকে গুজব বা বিভ্রান্তিতে আতঙ্কিত না হয়ে সন্দেহজনক কোনো বস্তু দেখলে দ্রুত পুলিশকে জানাতে আহ্বান জানিয়েছে। পাশাপাশি রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, মিরপুর ও তেজগাঁও দুই জায়গায় একসঙ্গে বোমা পাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই করতে পুলিশের দল কাজ করছে। মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার ও মিরপুর জোনের সহকারী কমিশনার আবুল বাশার বলেন, মেট্রোরেল স্টেশনের নিচে ব্যাগ পড়ে থাকতে দেখে ধারণা করা হয়েছিল, সেখানে বিস্ফোরকজাতীয় কিছু থাকতে পারে। পরে বোমা বিশেষজ্ঞরা পরীক্ষা করে কোনো বিস্ফোরক পাননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সন্দেহজনক কোনো বস্তু পড়ে থাকতে দেখলে আতঙ্ক ছড়াতে পারে। তবে আতঙ্কিত না হয়ে দ্রুত পুলিশকে জানানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
4:47 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও খালি বস্তা
-
MIT ERP
- Update Time : 02:16:47 am, Sunday, 2 August 2026
- 5
Tag :
Popular Post
















