রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া নতুন ট্রেন চালু করা হবে। একই সঙ্গে দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। শনিবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু জংশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি রেলস্টেশন হিসেবে নয়, বরং আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের সর্বত্র রেল যোগাযোগ সম্প্রসারণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদেই পঞ্চগড় থেকে কক্সবাজার এবং ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, রেল মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
7:34 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে আরও এক জোড়া নতুন ট্রেন : রেল প্রতিমন্ত্রী
-
MIT ERP
- Update Time : 05:20:38 pm, Saturday, 1 August 2026
- 5
Tag :
Popular Post























