তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং মানবসভ্যতার টেকসই অগ্রগতির জন্য মানবতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধভিত্তিক একটি সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তথ্যমন্ত্রী বলেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের অন্যতম প্রধান ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ তার মানবতা ও সভ্যতার চর্চাকে পূর্ণাঙ্গভাবে বিকশিত করতে পারে না। তিনি বলেন, মানুষ যখন জীবনধারণের মৌলিক সংগ্রামের বাইরে চিন্তা করার সুযোগ পেয়েছে, তখন থেকেই ‘আমি কোথা থেকে এসেছি’ এবং ‘কোথায় যাব’—এই মৌলিক প্রশ্নগুলোর উদ্ভব হয়েছে। সেই অনুসন্ধানের ধারাবাহিকতায় দর্শনের জন্ম হয়েছে এবং পরবর্তীকালে বিভিন্ন ধর্ম দর্শনচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবীর প্রতিটি ধর্মেই মানবকল্যাণের শিক্ষা রয়েছে। তবে বিভিন্ন ব্যাখ্যা ও মতধারার কারণে দার্শনিক বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। সনাতন ধর্মে যেমন বিভিন্ন দর্শনের বিকাশ ঘটেছে, তেমনি ইসলামেও নানা চিন্তাধারা ও ব্যাখ্যার অস্তিত্ব রয়েছে। এটি প্রমাণ করে যে মানবসভ্যতায় দর্শনের চর্চা একটি চলমান ও বহুমাত্রিক প্রক্রিয়া। তিনি আরও বলেন, পৃথিবীর যেকোনো সংকটের সমাধান অনেকাংশে নির্ভর করে সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গির ওপর। মানবিক দর্শনে বিশ্বাসী ব্যক্তি বা সমাজ সংকটের গঠনমূলক সমাধান খোঁজে, আর সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বিভাজন ও সংঘাতকে দীর্ঘস্থায়ী করে। বিশ্বব্যাপী শান্তির বর্তমান সংকট মোকাবিলায় চিন্তাশীল মানুষদের মধ্যে একটি অভিন্ন দার্শনিক প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, পারস্পরিক বোঝাপড়া ও মানবিক মূল্যবোধের প্রসারই শান্তিপূর্ণ বিশ্বের ভিত্তি রচনা করতে পারে। সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
6:23 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি : তথ্যমন্ত্রী
-
MIT ERP
- Update Time : 05:16:15 pm, Saturday, 1 August 2026
- 4
Tag :
Popular Post























