২০২৪ সালের রাতের ভোটের সময় শেখ হাসিনার সৈন্য হিসেবে পরিচিত গোপালগঞ্জ-৩ আসনের কোটালীপাড়ায় ইউএনওর দায়িত্বে ছিলেন আজিম উদ্দিন। পরে ২০২৪ সালের ২ এপ্রিল তাকে গোপালগঞ্জ থেকে ময়মনসিংহ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। একের পর এক বদলির আদেশ ঠেকিয়ে এখন তিনি ময়মনসিংহের স্বঘোষিত রাজায় পরিণত হয়েছেন। এ নিয়ে জেলা প্রশাসনের ভেতরে-বাইরে জোর আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বদলির আদেশ জারির চার দিনেই বাতিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের নথি পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে আজিম উদ্দিনকে ঢাকা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। তবে অজ্ঞাত ক্ষমতার প্রভাবে সেই বদলি কার্যকর হয়নি। সর্বশেষ চলতি বছরের ১৬ জুলাই পৃথক এক প্রজ্ঞাপনে আবারো তাকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়। এর মাত্র চার দিনের মাথায়, ২০ জুলাই, অন্য এক প্রজ্ঞাপনে সেই আদেশ বাতিল করে দেওয়া হয়। ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ ময়মনসিংহে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রায় ১২ হাজার কোটি টাকার ভূমি অধিগ্রহণ শাখার দায়িত্বে থাকাই এই পদে টিকে থাকার মূল কারণ বলে অভিযোগ রয়েছে। আরও অভিযোগ, ক্ষতিপূরণের নথি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কর্মকর্তার নির্দেশে আটকে রাখা হয়। সম্প্রতি সদর উপজেলার চর ঈশ্বরদিয়া মৌজায় জমি অধিগ্রহণের ১ কোটি ২৩ লাখ টাকার ক্ষতিপূরণ প্রকৃত মালিকের পরিবর্তে অন্য এক ব্যক্তির নামে জালিয়াতির মাধ্যমে পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর প্রতিকার চেয়ে প্রকৃত মালিক মরহুম হরমুজ আলীর ওয়ারিশরা হাইকোর্টে রিট করলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ৬০ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন। নির্দেশিত সময় পার হলেও এডিসি আজিম উদ্দিন সেই আদেশ বাস্তবায়ন করেননি। উল্টো ভুক্তভোগীদের নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনের কারণে যেখানে দেশের ৩২ জন জেলা প্রশাসককে চাকরিচ্যুত বা অব্যাহতি দেওয়া হয়েছে, সেখানে বিগত সরকারের অতি আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত আজিম উদ্দিন কীভাবে একই জায়গায় টিকে আছেন, তা নিয়ে স্থানীয় প্রশাসনে চরম ক্ষোভ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও স্থানীয় নাগরিকরা প্রশ্ন তুলছেন, একজন বিতর্কিত কর্মকর্তার হাতে পুরো জেলা প্রশাসন কেন জিম্মি থাকবে। এসব বিষয়ে এডিসি আজিম উদ্দিন বলেন, আপনাদের দোয়ায় বারবার বদলি ফেরাতে পারছি। আমার ময়মনসিংহের রিজিক এখনো ফুরাচ্ছে না। এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, এডিসি আজিম উদ্দিন কয়বার বদলি ফিরিয়েছেন, তা তার জানা নেই। তবে বদলির বিষয়টি প্রশাসনিক নিয়মিত প্রক্রিয়া। হয়তো প্রশাসনের মনে হয়েছে, তাই এখনো তাকে রাখা হয়েছে। তাছাড়া এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই। বিষয়টি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান জানান, প্রজ্ঞাপনগুলো খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
6:20 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
বারবার বদলি স্থগিত, হাসিনার সৈন্য এডিসি আজিম এখন ময়মনসিংহের রাজা
-
MIT ERP
- Update Time : 03:06:26 am, Saturday, 1 August 2026
- 8
Tag :
Popular Post

















