কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জালিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওবায়দুল হাকিমের বাড়িতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় শত শত মানুষ এগিয়ে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচ ভাই হলেন মাহমুদুর রহমান, সৌদি প্রবাসী আমিনুল হক, ট্রাকচালক রেজাউল করিম, গরু ব্যবসায়ী আজিজুল হক এবং ব্যবসায়ী মোস্তাক আহমদ। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কপি আক্তার জানান, সকালে তিনি কিস্তির টাকা দিতে পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। এ সময় বাড়িতে অন্য সদস্যরা কেউ ছিলেন না; কেউ স্কুলে এবং কেউ আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। চোখের পলকে সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় এখন পরনের কাপড়টুকুও অবশিষ্ট নেই তাদের। স্থানীয় ইউপি সদস্য মানিক জানান, ভাঙাচোরা ও বেহাল রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি যথাসময়ে পৌঁছাতে পারেনি। তবে স্থানীয়দের দ্রুত প্রচেষ্টার কারণে আশপাশের আরও বেশ কয়েকটি বসতঘর রক্ষা পায়। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। সমাজের বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আশপাশের অন্যান্য ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।
4:11 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
পেকুয়ায় পুড়ল পাঁচ ভাইয়ের বসতঘর, নিঃস্ব পরিবার
-
MIT ERP
- Update Time : 02:01:55 am, Saturday, 1 August 2026
- 3
Tag :
Popular Post












