ময়মনসিংহের হালুয়াঘাটে খালের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও জান্নাত (৫) নামের চাচা-ভাতিজি দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিলডোরা ইউনিয়নের পশ্চিম দারিয়াকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ওই এলাকায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের তুলা মিয়ার ছেলে এবং জান্নাত একই এলাকার বোরহান উদ্দিনের মেয়ে। সম্পর্কে তারা চাচা ও ভাতিজি। নিহত আব্দুল্লাহ একটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং ছুটিতে বাড়িতে এসেছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের বালুয়াকান্দাকান্দা খালের তীরে খেলাধুলা করছিল শিশু দুটি। একপর্যায়ে সবার অগোচরে অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
3:12 am, Saturday, 1 August 2026
শিরোনাম :

















