রাশিয়ায় উদ্ভাবিত ব্যক্তিগতকৃত মেলানোমা (ত্বকের ক্যানসার) প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম মানবপ্রয়োগে আশাব্যঞ্জক ফল পাওয়ার দাবি করেছেন দেশটির গবেষকরা। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ভ্যাকসিন গ্রহণকারী প্রথম রোগীর শরীরে কার্যকর রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ আছেন। রাশিয়ার গ্যামালেয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিনজবার্গ জানান, এমআরএনএ প্রযুক্তিনির্ভর ‘নিওনকোভ্যাক’ নামের এই ব্যক্তিগতকৃত ভ্যাকসিন গ্রহণের পর রোগীর দেহে টিউমারের বিরুদ্ধে লড়াই করার মতো প্রয়োজনীয় ইমিউন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গত বছর রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় দুটি ব্যক্তিগতকৃত ক্যানসার চিকিৎসা প্রযুক্তির অনুমোদন দেয়। এর মধ্যে রয়েছে উন্নত পর্যায়ের মেলানোমার জন্য ‘নিওনকোভ্যাক’ এবং কোলরেক্টাল ক্যানসারের চিকিৎসায় ব্যবহারের জন্য তৈরি পেপটাইডভিত্তিক ওষুধ ‘অনকোপেপ্টি’। চলতি বছরের এপ্রিল মাসে হারজেন মস্কো অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে তৃতীয় পর্যায়ের মেলানোমা ও মেটাস্টেসিসে আক্রান্ত ৬০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথমবারের মতো এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে গিনজবার্গ জানান, রোগী স্বাভাবিক জীবনযাপন করছেন এবং তার চিকিৎসা অব্যাহত রয়েছে। পরীক্ষায় দেখা গেছে, তার শরীর টিউমার ও মেটাস্টেসিসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক সক্রিয় উপাদান তৈরি করছে। চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে তাকে আরও দুটি ডোজ দেওয়া হবে এবং পুরো সময়জুড়ে তার রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। তিনি আরও জানান, বর্তমানে আরও ১০ জন রোগীর জন্য পৃথকভাবে ব্যক্তিগতকৃত মেলানোমা ভ্যাকসিন প্রস্তুত করা হচ্ছে। আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে এসব ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব রেডিওলজির প্রধান আন্ড্রে কাপরিনের মতে, এই প্রযুক্তি ক্যানসার চিকিৎসায় নতুন ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। প্রচলিত চিকিৎসার মতো শুধু রোগ দমন নয়, বরং শরীরের নিজস্ব রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করার জন্য প্রস্তুত করাই এর মূল লক্ষ্য। এই পদ্ধতিতে রোগীর টিউমার এবং সুস্থ টিস্যুর নমুনা সংগ্রহ করে জেনেটিক বিশ্লেষণ করা হয়। সেই তথ্যের ভিত্তিতে ক্যানসার কোষকে লক্ষ্য করে প্রতিটি রোগীর জন্য আলাদা করে কাস্টমাইজড ভ্যাকসিন তৈরি করা হয়। অন্যদিকে, রুশ স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কোলরেক্টাল ক্যানসারের জন্য তৈরি ‘অনকোপেপ্টি’ ওষুধ গ্রহণকারী রোগীদের শরীরেও প্রয়োজনীয় রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। পাশাপাশি গ্যামালেয়া ইনস্টিটিউট অগ্ন্যাশয়, কিডনি এবং নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারের জন্যও নতুন চিকিৎসা প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। সূত্র: আরটি
3:11 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
রাশিয়ার ক্যানসার ভ্যাকসিনে প্রথম রোগীর শরীরে মিলছে ইতিবাচক ফল
-
MIT ERP
- Update Time : 12:25:42 am, Saturday, 1 August 2026
- 4
Tag :
Popular Post


















