বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি—বর্তমান সরকার তা বিবেচনা করছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে যশোর সদর উপজেলার চাঁচড়া থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন শেষে এলাকাবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি এই সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এখন সড়কটির সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিএনপি তুলনামূলক কম ভোট পেয়েছিল। তা সত্ত্বেও বর্তমান সরকারের জনকল্যাণমুখী নীতির কারণে প্রথম চার কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের কাজ এই চাঁচড়া ইউনিয়নেই শুরু হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু তাই নয়, যশোরের চাঁচড়া ইউনিয়নেই প্রথম ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উপস্থিত থেকে যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করেছেন, সেটিও এই চাঁচড়া ইউনিয়নেই অবস্থিত। তিনি বলেন, সরকার দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ৩ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে যশোর সদর উপজেলার চাঁচড়া-রাজগঞ্জ সড়কের চার কিলোমিটার অংশ মেরামত ও প্রশস্ত করা হচ্ছে। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে সহযোগিতা করুন। অবকাঠামোগত উন্নয়নের দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন, আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। চার কিলোমিটার সড়ক মেরামত ও প্রশস্তকরণ কাজে ঠিকাদারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাজ যথাযথভাবে হচ্ছে কি না, সেদিকেও আপনাদের নজর রাখতে হবে। সূত্র : বাসস।
8:00 pm, Friday, 31 July 2026
শিরোনাম :
উন্নয়নে কে ভোট দিয়েছে, কে দেয়নি—সরকার তা বিবেচনা করছে না: জ্বালানি প্রতিমন্ত্রী
-
MIT ERP
- Update Time : 05:45:43 pm, Friday, 31 July 2026
- 4
Tag :
Popular Post























