জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে শ্রাবণ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশী সন্ধ্যা। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীতপ্রেমী শ্রোতাদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। পরে ওস্তাদ আজিজুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসীন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের সদস্য, তাদের পরিবারের সদস্য এবং বিপুলসংখ্যক সংগীতানুরাগী শ্রোতা। বাঁশী পরিবেশনার শুরুতে ওস্তাদ আজিজুল ইসলাম রাগ শ্যাম কল্যাণ পরিবেশন করেন। সংক্ষিপ্ত আলাপের পর তিনি ঝাপতাল ও তিনতালে নিবদ্ধ গৎ পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। এরপর রাগ হংসধ্বনি, রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগের সংক্ষিপ্ত পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজের ধুনের মাধ্যমে। পুরো পরিবেশনায় বাঁশীর সুর ও মূর্ছনায় বিমোহিত হয়ে পড়েন উপস্থিত শ্রোতারা। অনুষ্ঠান শেষে ফেরার সময়ও তাদের কানে অনুরণিত হচ্ছিল সেই সুমধুর সুর। এমন একটি উচ্চাঙ্গ সংগীতের আয়োজনের জন্য অনেকেই জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ওস্তাদ আজিজুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
8:23 pm, Friday, 31 July 2026
শিরোনাম :
জাতীয় প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুল ইসলামের মোহনীয় বাঁশী সন্ধ্যা
-
MIT ERP
- Update Time : 07:05:59 pm, Friday, 31 July 2026
- 4
Tag :
Popular Post


















