প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন অভিনেতা ও নির্মাতা শামীম জামানের স্ত্রী আমিনা লাবিব। স্বামীর হাত ধরেই অভিনয় জগতে অভিষেক ঘটছে তার। শামীম জামানের পরিচালনায় নির্মিতব্য ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’-এ অভিনয়ের মাধ্যমে ক্যামেরার সামনে নতুন যাত্রা শুরু করেছেন তিনি। দীর্ঘদিন ধরে শুটিং সেটে নিয়মিত যাতায়াত থাকলেও এবারই প্রথম একজন অভিনয়শিল্পী হিসেবে কাজ করেছেন আমিনা। প্রথমবার অভিনয় প্রসঙ্গে আমিনা লাবিব বলেন, ‘ক্যামেরার পেছনে থেকে শামীমের কাজ সবসময়ই দেখেছি। কিন্তু নিজে কখনো ক্যামেরার সামনে দাঁড়াব, ভাবিনি। শামীমের অনুপ্রেরণা এবং মোশাররফ করিম ভাই ও জুই ভাবির অনুপ্রেরণায় এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় একটি অভিজ্ঞতা। তারা আমাকে খুব আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, যার কারণে নতুন হলেও কাজ করতে আত্মবিশ্বাস পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘আগে অনেকবার শুটিং দেখতে এসেছি। দূর থেকে মনে হতো অভিনয় খুব সহজ একটি কাজ। কিন্তু এবার নিজে অভিনয় করে বুঝলাম, এটি অনেক পরিশ্রমের। সকালে খুব তাড়াতাড়ি শুটিংয়ে আসতে হয়, আবার অনেক রাত পর্যন্ত কাজ করে বাসায় ফিরতে হয়। একটি দৃশ্য ঠিকভাবে ধারণ করতে বারবার টেক দিতে হয়। সব মিলিয়ে কাজটি যেমন কঠিন, তেমনি দারুণ উপভোগ্যও।’ আমিনা জানান, প্রথম দিনের শুটিংয়ে কিছুটা নার্ভাস লাগলেও ধীরে ধীরে সেই ভয় কেটে যায়। নির্মাতা, সহশিল্পী এবং পুরো ইউনিটের সহযোগিতায় তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ শেষ করতে পেরেছেন। স্ত্রীকে অভিনয়ে আনা প্রসঙ্গে শামীম জামান জানান, এই চরিত্রের জন্য যেমন মুখের অবয়ব ও অভিব্যক্তির প্রয়োজন ছিল, আমিনার সঙ্গে তা পুরোপুরি মিলে যায়। তিনি বলেন, ‘নাটকের গল্পটি ভিন্নধর্মী। আমিনা নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করেছে। প্রথম কাজ হিসেবে ও বেশ ভালো করেছে। বাকিটা দর্শকরা মূল্যায়ন করবেন।’ একান্নবর্তী পরিবারের ছোটবড় সুখ-দুঃখ, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব আর সম্পর্কের নানা টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘এক পাতিলের সংসার’। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। নাটকটি মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। এই অভিনয়শিল্পী দম্পতির সঙ্গে আরও আছেন আখম হাসান, ফারজানা মিহি, শামীম জামান, জয় রাজ, রেজমিন সেতু, আহসানুল হক মিনু, শফিক খান দিলু, শেলী আহসান, সালাউদ্দিন লাভলু প্রমুখ। ধারাবাহিকটি নিয়ে নির্মাতা ও অভিনেতা শামীম জামান বলেন, ‘এক পাতিলের সংসারে মূলত যৌথ পরিবারের সুখ-দুঃখের গল্প দেখা যাবে। বাড়ির কর্তা চায়, সবাই একসঙ্গে মিলেমিশে থাকুক। তবে পরিবারের এক সদস্য যখন বাড়ি ছাড়তে চায়, তখন থেকে ঘটতে থাকে নানা ঘটনা। পারিবারিক আবহের পাশাপাশি নাটকে থাকছে চিরচেনা সামাজিক দ্বন্দ্ব ও প্রেমের গল্প। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’ নির্মাতা বলেছেন, প্রাথমিকভাবে ১০৪ পর্বের পরিকল্পনা করা হয়েছে। দর্শকের সাড়া পেলে পর্ব আরও বাড়ানোর কথা ভেবে রাখা হয়েছে।
4:10 am, Friday, 31 July 2026
শিরোনাম :
















