অতীতে অসত্য তথ্য প্রবাহের কারণে মানুষের অনাস্থা তৈরি হয়েছে। তাই তথ্যের স্বচ্ছতা নিয়ে জনগণ যেন প্রশ্ন তুলতে না পারে, সে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার রাজধানীতে পরিসংখ্যান দিবসের আলোচনায় এসব কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জিডিপির গরমিল চিহ্নিত করতে ফরেনসিক অডিট করা হয়েছে।
পরিসংখ্যান ব্যুরোর হিসেবে, এতদিন দেশে ইঞ্জিনচালিত নৌযানের সংখ্যা ছিল ১৩ হাজার। কিন্তু, সম্প্রতি জরিপে এমন নৌযান পাওয়া গেছে ২ লাখ ৬৭ হাজার । একইভাবে সামাজিক সুরক্ষার আওতায় ১ কোটির বেশি জনগণকে আর্থিক সুবিধা দেয়া হয়। যাদের অনেকেই এ সুবিধা পাওয়ার যোগ্য নয় বলে মনে করেন গবেষকরা।
বিআইডিএস মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, ‘সঠিক নীতি গ্রহণের জন্য বিবিএসকে সময়মত তথ্য উন্মোচন করতে হবে। নইলে নির্ভরতা বাড়তে পারে বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থার ওপর।’
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তথ্য নিয়ে ছলচাতুরী করা নিজের সঙ্গেই প্রতারণার শামিল। অর্থনীতির সঙ্গে পরিসংখ্যানের গণতন্ত্রায়নও জরুরি বলে মনে করেন তিনি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, মূল্যস্ফীতিসহ বিভিন্ন বিষয়ে তথ্য পর্যালোচনা ও জরিপের ফল প্রকাশে বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে সরকার। এর সক্ষমতা বৃদ্ধিতে টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নও গুরুত্ব দেয়া হচ্ছে।





















