আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি মেজর লিগ সকারে (এমএলএস) গড়লেন নতুন এক ইতিহাস। ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড লিগটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের অনন্য কীর্তি অর্জন করেছেন।
২০২৬ মৌসুমে ২৬ গোল করে টানা দ্বিতীয়বারের মতো লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল তারকা। খবর ইএসপিএনের। ২০২৬ সালের নিয়মিত মৌসুমে ৩১ ম্যাচ খেলে (২৯টিতে একাদশে থেকে) ২৬ গোল করেছেন মেসি। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে একাধিক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়া ষষ্ঠ খেলোয়াড় হয়েছেন তিনি। এবার দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসার চেয়ে চার গোল বেশি করেছেন মেসি।
২১ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ন্যাশভিল এসসির স্ট্রাইকার স্যাম সারিজ। তবে মৌসুমের শেষ ম্যাচে গোলের দেখা পাননি মেসি। শনিবার শার্লট এফসির বিপক্ষে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচের ১৪ মিনিটে মেসির কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইয়ান ফ্রে। ৩৩ মিনিটে জার্মান বেরতেরামের হেড থেকে আসা বল কাছ থেকে জালে পাঠান লুইস সুয়ারেজ।
এরপর ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান ৩-০ করেন রদ্রিগো ডি পল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় শার্লট। ৫০ ও ৫৫ মিনিটে জোড়া গোল করে ব্যবধান কমান লিয়েল আবাদা। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে টাইগার স্মলসের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করে সমতা ফেরান রোদলফো আলোকো। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে এবারের মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।
এর ফলে টানা চতুর্থবারের মতো প্লে-অফে জায়গা করে নেওয়ার পাশাপাশি আসন্ন কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার যোগ্যতাও অর্জন করেছে দলটি। এর আগে ২০২৫ মৌসুমেও গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। সেবার মাত্র ২৮ ম্যাচে ২৯ গোল করে ডেনিস বুয়াঙ্গা ও স্যাম সারিজকে পেছনে ফেলেছিলেন তিনি। শুধু গোল করেই নয়, ১৯টি অ্যাসিস্ট করে লিগের সর্বোচ্চ সহায়তাকারীও হয়েছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছিলেন ২০২৫ সালের এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার। ২০২৬ সালেও এমভিপি হওয়ার দৌড়ে অন্যতম আলোচিত নাম মেসি। এদিকে সিনসিনাটিকে ২-০ গোলে হারিয়ে ৭৭ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে ন্যাশভিল এসসি। এর মধ্য দিয়ে ২০২৪ সালে ইন্টার মায়ামির গড়া এক মৌসুমে সর্বোচ্চ ৭৪ পয়েন্টের রেকর্ডও ভেঙে দিয়েছে দলটি।
প্লে-অফের প্রথম রাউন্ডে সেরা তিন ম্যাচের সিরিজে সপ্তম স্থানে থাকা কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। কনফারেন্সে দ্বিতীয় স্থানে থাকায় সিরিজে নিজেদের মাঠে খেলার সুবিধা পাবে মেসির দল।


























