ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে বদিয়ার রহমান (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আফ্রিদি গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) সকালে কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুর উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বদিয়ার রহমান মহেশপুর পৌরসভার নওদাগ্রাম এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে। আহত মোটরসাইকেল চালক আফ্রিদি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পোস্ট অফিসপাড়া এলাকার মকবুল ক্যাশিয়ারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই সড়কে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক বদিয়ার রহমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত মোটরসাইকেল চালক আফ্রিদিকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





















