আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ও মিয়ানমারের নাগরিক খাইরুল আমিন ওরফে বলি আমিনকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
শনিবার (৭ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং দীর্ঘদিন ধরে পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে বলি আমিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে একটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত খাইরুল আমিন ওরফে বলি আমিন মিয়ানমারের নাগরিক। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ডি/৪ ব্লকের বাসিন্দা নূর হোসেন ওরফে মোস্তাফিজুরের ছেলে। এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত বলি আমিন রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকার একজন চিহ্নিত অপরাধী।
তার বিরুদ্ধে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানব পাচার এবং পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া মাদক ও দস্যুতাসহ বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তারের পর উদ্ধার করা আলামতসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ কর্তৃপক্ষ জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পসহ সামগ্রিক অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
























