হিন্দু ধর্মাবলম্বীদের আলোর উৎসব দীপাবলির আগের দিন গতকাল শনিবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরের তালিকায় শীর্ষে ছিল ভারতের রাজধানী দিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সরাসরি প্রকাশিত বায়ুমান সূচকে এ তথ্য উঠে এসেছে।
আজ রোববার দীপাবলি উদ্‌যাপিত হবে। এ উৎসবে সাধারণত ব্যাপকভাবে আতশবাজি পোড়ানো হয়, যা দিল্লির বায়ুদূষণ আরও বাড়িয়ে দিতে পারে। এ পরিস্থিতিতে ভারতের সরকার দিল্লি ও আশপাশের এলাকার স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মানুষকে বাড়ি থেকে কাজ করারও পরামর্শ দেওয়া হয়েছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বিশ্বের বড় শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে ছিল দিল্লি।
এ সময় শহরটির বায়ুমান সূচক ছিল ৫৮১। প্রতিবেশী পাকিস্তানের লাহোরে একই সূচক ছিল ২৮৫, যা দিল্লির তুলনায় অর্ধেকেরও কম। বাতাসে দূষণকারী পদার্থের ঘনত্বের ভিত্তিতে আইকিউএয়ার এই সূচক প্রকাশ করে। তবে সংস্থাটির সূচকের সঙ্গে ভারতের সরকারি বায়ুমান সূচকের সরাসরি তুলনা করা যায় না। কারণ, দুই সংস্থার সূচক গণনার পদ্ধতি ও পরিমাপের মাত্রা আলাদা।
ভারতের কেন্দ্রীয় দূষণনিয়ন্ত্রণ পর্ষদের হিসাবে, শনিবার সকাল ১০টায় দিল্লির বায়ুমান সূচক ছিল ৩৬৩। সংস্থাটির শ্রেণিবিভাগ অনুযায়ী, এটি ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ের বায়ুমান। স্থানীয় সংবাদমাধ্যমগুলো সরকারি তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার দীপাবলির আগের আট বছরের মধ্যে দিল্লির বায়ুমান সবচেয়ে খারাপ ছিল। উত্তর ভারতের বিভিন্ন এলাকায় শীতের শুরু থেকেই বায়ুদূষণ প্রতি বছর বড় সমস্যা হয়ে দেখা দেয়।
এ সময় ঠান্ডা ও ভারী বাতাসের কারণে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া বাতাসে আটকে থাকে। এতে দূষণের মাত্রা আরও বেড়ে যায়।
























