মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকালে শহরের সৈয়দারবালীর টিবি ক্লিনিক রোড এলাকার বাবারবাড়ি থেকে উদ্ধার করা হয় মারিয়া আক্তারের মরদেহ।
নিহত মারিয়া ওই এলাকার হানিফ মুন্সির মেয়ে। অভিযুক্ত ইমরান বেপারী সদর উপজেলার চিড়াইপাড়া এলাকার কালাম বেপারীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩ বছর আগে পারিবারিকভাবে ইমরান বেপারীর সাথে বিয়ে হয় মারিয়া আক্তারের। বিয়ের পর খুঁটিনাটি বিষয় নিয়ে দুইজনের মধ্যে বিরোধ লেগেই থাকত। পরে বাবারবাড়ি চলে আসে মারিয়া। রোববার রাতে শ্বশুরবাড়ি আসে ইমরান। এরপর সোমবার ভোরে মারিয়ার বাবারবাড়ি থেকে উদ্ধার হয় তার মরদেহ। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্বামী। পরে ইমরানের বাড়ি চিড়াইপাড়া থেকে স্থানীয়রা ইমরানকে আটক করে পুলিশে দেয়। স্বজনদের দাবি, যৌতুকের জন্য প্রায়ই মারিয়াকে মারধর করতো স্বামী। যৌতুকের টাকা না দেয়ায় শ্বাস রোধে হত্যার পর লাশ ঘরে ঝুলিয়ে রেখে ঘটনাস্থল থেকে সটকে পরে ইমরান। এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।






















