টাঙ্গাইলের ঘাটাইলে মহাসড়ক থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে মহাসড়কের মাঝখানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো যানবাহন তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ঘাটাইল থানার সাব-ইন্সপেক্টর নাজিম উদ্দিন জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।






















