চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ অর্থায়নে প্রায় ৫০০ ফুট সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন। উপজেলার মায়ানী ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের শহীদ সেকান্তর আলী সড়কে ব্রিক সলিংয়ের মাধ্যমে সংস্কারকাজ শুরু করা হয়েছে।
স্থানীয়দের নিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ সংস্কারকাজের উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দারা সড়কটির বেহাল দশার কথা জানালে সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন। পরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে সড়কটিতে উল্লেখযোগ্য সংস্কারকাজ হয়নি।
দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে আবুতোরাব উচ্চ বিদ্যালয়, আবুতোরাব ফাজিল মাদ্রাসা, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ও শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
দীর্ঘদিনের এ দুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কারের এই সড়কে চলাচলরত মানুষ উপকৃত হবেন। আশরাফ উদ্দিন জানান, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় উপজেলাব্যাপী উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে মায়ানী ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশা-আল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব কাজ চলমান থাকবে।





















