সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে দায়িত্ব পালন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ আশফাক হোসেইন। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক অফিস আদেশে আশফাক হোসেইনকে ‘পরিচালক (পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর)’ পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তিনি ‘পরিচালক (অভিবাসন ও অনিবাসী বাংলাদেশি বিষয়ক অনুবিভাগ)’ এবং ‘পরিচালক (আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক অনুবিভাগ)’ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। দুবাইয়ে কর্মরত থাকাকালে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা এবং কনস্যুলার সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আশফাক হোসেইন।
প্রবাসীদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা প্রদানের পাশাপাশি কনস্যুলেটের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং সেবা কার্যক্রমকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করার উদ্যোগ নেন তিনি। তার এসব উদ্যোগের ফলে কনস্যুলার সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে ইতিবাচক অগ্রগতি হয়। এতে প্রবাসীদের মধ্যে সেবা নিয়ে সন্তুষ্টি বাড়ার পাশাপাশি কনস্যুলেটের কার্যক্রমেও শৃঙ্খলা ও আধুনিকতার প্রতিফলন ঘটে।
দুবাইয়ে দায়িত্ব পালনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন এই দায়িত্ব পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রবাসীরা আশা প্রকাশ করেন, সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও পেশাদারত্ব কাজে লাগিয়ে নতুন দায়িত্বেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন আশফাক হোসেইন।
বিশেষ করে অভিবাসন, আন্তর্জাতিক নিরাপত্তা এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তার অভিজ্ঞতা দেশের কূটনৈতিক কার্যক্রম ও প্রবাসীবান্ধব উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। মুহাম্মদ আশফাক হোসেইনের পেশাগত জীবনের নতুন এই অধ্যায়ে সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা।
























