প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে বলে আশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে শনিবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ সামনে রেখে এ আলোচনা সভা। এতে প্রকাশ করা হয়, নাগরিক সমাজ ও উন্নয়ন বিষয়ক দেশের ৩৩টি সংস্থার সমন্বয়ে তৈরি জাতীয় অবস্থানপত্র।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালীভাবে তুলে ধরতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, তারেক রহমানের সফরে অবকাঠামো, জ্বালানি ও শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি অভিযোজন ও প্রশমনের ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়ার দাবি জানানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।





















