কাতারে শুরু হয়েছে স্বদেশের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী মিলিপোল কাতার ২০২৬ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিরাপত্তাবিষয়ক দোহা আন্তর্জাতিক সম্মেলনের ১৬তম আসর।
২০ থেকে ২২ অক্টোবর দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে (ডিইসিসি) এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৭০টির বেশি স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লেখুইয়া’র কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের স্বরাষ্ট্র, বিচার ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রী, পুলিশপ্রধান, কমান্ডার ও কমিশনারসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কাতারের ঊর্ধ্বতন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা, আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশ নেন। উদ্বোধনের পর শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি অতিথি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রদর্শনীর বিভিন্ন হল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন।
এ সময় তাঁকে অভ্যন্তরীণ নিরাপত্তা ও বেসামরিক প্রতিরক্ষায় ব্যবহৃত সর্বাধুনিক সরঞ্জাম, প্রযুক্তি, সেবা এবং উদ্ভাবনী ব্যবস্থার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রদর্শিত প্রযুক্তিগুলোর বৈশিষ্ট্য, উন্নত সক্ষমতা ও সমন্বয়ব্যবস্থা সম্পর্কে তাকে অবহিত করা হয়। পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং অপরাধ প্রতিরোধে এসব প্রযুক্তির ভূমিকা তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, ‘মিলিপোল কাতার’ অভ্যন্তরীণ নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং সর্বাধুনিক প্রযুক্তি ও সমাধান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ। এতে বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা ও প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের উদ্ভাবন, অভিজ্ঞতা এবং সক্ষমতা তুলে ধরার সুযোগ পায়। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিরাপত্তাবিষয়ক দোহা আন্তর্জাতিক সম্মেলনে নিরাপত্তা কার্যক্রমে এআইয়ের ব্যবহার এবং উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।
এ আয়োজনের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা জোরদারে কাতারের ভূমিকা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।






















