পরিবারের প্রত্যাশা, আর্থিক টানাপোড়েন, প্রেম, পরিচয়ের সংকট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ—তরুণদের জীবনের এমন নানা গল্প নিয়ে ‘অন্যপাতা’ নামে একটি সিনেমা বানিয়েছেন একদল শিক্ষার্থী।
সিনেমাটি আজ দেশের ১০টি হলে মুক্তি পাচ্ছে। সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় ৪০ জন শিক্ষার্থী। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন মো. শাহেজাহান। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থী।
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়Ñ অ্যাডমিশনের সময়কাল, পারিবারিক দায়িত্ব, মা-বাবার প্রতি কর্তব্য এবং চারপাশের সঙ্গে ভারসাম্য বজায় রাখার সংগ্রামের গল্প নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। সিনেমাটির সঙ্গে জড়িত কলাকুশলীদের মতে, এই প্রজেক্ট কেবল তারা তৈরি করেননি; বরং এই সিনেমাটিই তাদের ৪০ জনকে একত্র করেছে।
তাই সবার একটাই কথা, ‘অন্যপাতা আমরা বানাইনি, অন্যপাতা আমাদের বানিয়েছে। ’ চট্টগ্রামসহ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে সম্পূর্ণ নতুন একটি ফ্লেভারে এই সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পটি অত্যন্ত হাম্বেল ও মিষ্টি হওয়ায় দর্শকরা খুব সহজেই এর সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন বলে নির্মাতারা আশাবাদী। এই সিনেমার শুটিং ও নির্মাণের পেছনে রয়েছে এক রোমাঞ্চকর ঘটনা।
সিনেমাটিতে প্রোডাকশন ডিজাইনার হিসেবে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র মো. শাহরিয়া শাকিল। পরিচালক এ্যানির আহ্বানে তিনি প্রজেক্টটিতে কাজ শুরু করলেও প্রথম দিনের শুটিংয়ে বড় এক জটিলতা তৈরি হয়। ‘রাতুল’ চরিত্রে অভিনয়কারী অভিনেতা যথাযথভাবে পারফর্ম করতে না পারায় প্রথম দিন কাক্সিক্ষত মাত্রায় সিকোয়েন্সের কাজ শেষ করা সম্ভব হয়নি।
এরপর টিম মিটিংয়ে সিদ্ধান্ত হয় ওই অভিনেতাকে বাদ দিয়ে ক্রু মেম্বারদের মধ্য থেকেই নতুন অডিশন নেওয়া হবে। পরিচালক নিজে অডিশনে অংশ নেন এবং সবার মধ্য থেকে প্রতিভার স্বাক্ষর রেখে রাতুল চরিত্রের মূল অভিনয়ের জন্য নির্বাচিত হন শাহরিয়া শাকিল নিজেই। নাট্যকলা বিভাগের ছাত্র হওয়ায় অভিনয়ের প্রতি আগে থেকেই অনুরাগ ছিল শাকিলের। তবে দীর্ঘ দুই বছর ধরে একটানা একটি সিনেমার শুটিং চালিয়ে যাওয়া এবং চরিত্রের ধারাবাহিকতা ও মানসিকতা ধরে রাখা ছিল তার জন্য অন্যতম বড় একটি চ্যালেঞ্জ।
সব প্রতিকূলতা পেরিয়ে কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। পুরো টিম ও অভিনেতা শাহরিয়া শাকিলের প্রত্যাশা, দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখবেন, গল্পটিকে আপন করে নেবেন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে বাংলা সিনেমার এই নতুন ও ভিন্নধর্মী প্রচেষ্টার পাশে থাকবেন। এক ঘণ্টা ৪০ মিনিটের এ সিনেমার প্রধান চরিত্রে শাহরিয়া শাকিল ছাড়া আরও অভিনয় করেন প্রত্যাশা ঘোষ।
পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ ইফতিখার। সিনেমায় রয়েছে ছয়টি মৌলিক গান। এর মধ্যে প্রকাশ্যে এসেছে ‘অন্যপাতা’ সিনেমার দুই মিনিট ২০ সেকেন্ডের ট্রেলার। সেখানে বিশ্ববিদ্যালয়জীবনের সরল মিষ্টি প্রেম, অনুভূতির খুনসুটি, ভর্তি পরীক্ষা এবং পারিবারিক চাপে জীবনের দায়িত্ব নেওয়ার গল্পও উঠে এসেছে।





















