জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার বার্তা দেখা যাচ্ছে।
পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ত্রুটি কাজে লাগিয়ে সম্ভাব্য হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ পেতে পারে। এতে সার্ভারের ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
ঝুঁকি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে বলে জানা গেছে।





















