কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।
এর আগে বুধবার ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয় ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি। চালান পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো সড়কপথে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী বিমান। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে সড়কপথে পরিবহনের পর চালানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ কথা বলেনি।






















