বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে দুটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি তার ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের ঝালোপাড়া ও মোদকবাড়ি পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করেন। আর্থিক সহায়তা প্রদানকালে বিএনপি নেতা মজিবর রহমান মজি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের পক্ষ থেকেও সনাতনীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। নিলক্ষিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা ও ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শ্রমিকদল এবং ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের হাতে এই সহায়তা হস্তান্তর করেন মজিবর রহমান মজি । এ সময় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইসমত দোহা হিটলার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন, ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আবরাহি আকাশসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।





















