অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ মানবিকতার অন্যতম উজ্জ্বল সেবা বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ৩টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদ্যোগে আয়োজিত বস্ত্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও শার্ট বিতরণ চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদারতা ও মানবিকতার পরিচয় বহন করে। মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণ সম্ভব। মো. হাসানুল ইসলাম বলেন, গতকাল নগরীর জে.এম.সেন হলে গিয়েছিলাম।
সেখানে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হতে। সরকারপ্রধানের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ও সতর্ক অবস্থানের কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ অরুণাভ চক্রবর্তী।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন। এ ছাড়া বক্তব্য দেন এজিএস অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, চট্টগ্রামের জেলা জিপি অ্যাডভোকেট মো. কাশেম চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট শংকর প্রসাদ দে, অ্যাডভোকেট অশোক কুমার দাশ ও অ্যাডভোকেট কেশব চন্দ্র নাথ।
আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভবতোষ নাথ, অ্যাডভোকেট স্বপ্নন বিশ্বাস, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আবুল মনসুর সিকদার, সাবেক সমন্বয়কারী অ্যাডভোকেট রক্তিম নাথ, সমন্বয়কারী অ্যাডভোকেট ছোট কান্তি বোস, অ্যাডভোকেট সুমন সরকার, অ্যাডভোকেট বাপ্পা ঘোষ, অ্যাডভোকেট বাবলী চক্রবর্তী, অ্যাডভোকেট রোজি ও অ্যাডভোকেট অরুণ চক্রবর্তীসহ অন্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন প্রসাদ। এ সময় সিনিয়র আইনজীবী প্রবীর কুমার ভট্টাচার্য পবিত্র চণ্ডী থেকে পাঠ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি দুস্থদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও শার্ট বিতরণ করেন।





















