সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা দেখতে নারায়ণগঞ্জে এসেছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। নারায়ণগঞ্জ পরিদর্শনকালে তিনি ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে চা পান করেন।
শহরের আমলাপাড়া পূজামণ্ডপের সাজসজ্জা ও আয়োজকদের আতিথেয়তার প্রশংসা করেন তিনি। ক্রিস্টেনসেনকে দুর্গা প্রতিমার স্মারক তুলে দেন আমলা পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে তিনি নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিনে যান এবং সেখানে চা পান করে চায়ের স্বাদের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত।
এসময় তাঁকে নিউ বোস কেবিনের লোগো সংবলিত টি শার্ট উপহার দেন সত্ত্বাধিকারী নির্মল চন্দ্র দাস। আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই তিনি একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা করেন। বিশেষ করে এমন একটি জায়গায় যেতে চেয়েছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি।
এ সময় তিনি পূজামণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও উৎসবের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আন্তরিক আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। পাশাপাশি পূজামণ্ডপের ঐতিহ্য ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
এ ছাড়া রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী। এদিকে নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন।
এ সময় তিনি ফাউন্ডেশনের কারুপল্লিতে অবস্থিত জামদানি পল্লী ঘুরে দেখেন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কে ধারণা নেন।





















