ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবু বকর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আবু বকর একই উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হক কাজির ছেলে। প্রতিবেশীরা জানান, আবু বকর দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত। শনিবার সকাল ৮টার দিকে মামা ইমনের সঙ্গে ঢাকা থেকে নানা ছিঠু খানের বাড়িতে বেড়াতে আসে সে। সকাল ১১টার দিকে ওই বাড়ির পুকুরে মাছ ধরতে দেখে পুকুরপাড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে আত্মীয়স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ পরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






















