প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সফররত জাপানি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরকে সামনে রেখে বাংলাদেশ-জাপান বাণিজ্যিক সম্পর্ক ও ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে জাপানের একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। সফরকালে প্রতিনিধিদলটি বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।






















