জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, জীবন ও দর্শনকে কেন্দ্র করে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের প্রভাষক আরিফুর রহমান শাহিন এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বাশার ইবনে মোমিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক।
করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মিজানুর রহমান লিপু, সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম নোমান, প্রভাষক রেজাউল রহমান শাহিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, “কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনা ও সাম্যবাদের প্রতীক।
অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে তাঁর লেখনী যুগে যুগে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে আসছে। তরুণ সমাজকে নজরুলের সাহিত্য ও জীবনের আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। ” সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজ আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নজরুলের সাহিত্যচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে নজরুলবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথিসহ অন্যান্য গুণীজন পুরস্কার বিতরণ করেন।






















