বাংলা ব্যান্ডসংগীতের সোনালি অতীত ও উন্মাদনার নাম নব্বইয়ের দশক। সেই সময়কার গিটারের ঝংকার, ড্রামসের বিট আর লাখো তরুণের বুকে ঝড় তোলা সুরের দুই জাদুকর নগর বাউলের জেমস এবং আর্কের হাসান।
দীর্ঘ বিরতির পর আবারও একই মঞ্চে শ্রোতাদের মাতাতে এক হচ্ছেনÑ দেশের রকসংগীতের এই দুই দিকপাল। ঢাকায় আয়োজিত একটি বিশেষ কনসার্টের মাধ্যমে আবারও ফিরে আসছে বাংলা রকের সেই নস্টালজিয়া। নব্বইয়ের দশকে বাংলা ব্যান্ড মিউজিক যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখন জেমস ও হাসান ছিলেন দুই প্রধান স্তম্ভ। জেমসের ‘তারায় তারায় রটিয়ে দেবো’, ‘পদ্ম পাতার জল’ কিংবা হাসানের ‘সুইটি’, ‘যারে যা’Ñগানগুলো এখনো শ্রোতাদের হৃদয়ে সমানভাবে দোলা দেয়।
মিক্সড অ্যালবামের স্বর্ণযুগে এই দুই শিল্পীর গান মানেই ছিল ক্যাসেটের দোকানে উপচেপড়া ভিড়। কনসার্টের ব্যাকস্টেজে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা আর একের পর এক লাইভ শোতে স্টেজ কাঁপানোর সেই স্মৃতিগুলোই এবার জীবন্ত হয়ে ধরা দেবে ঢাকার মঞ্চে। দীর্ঘদিন পর এক মঞ্চে ফেরা নিয়ে ব্যান্ড ‘আর্ক’-এর প্রধান ভোকাল হাসান তার আবেগ প্রকাশ করেছেন।
জেমসের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে হাসান তাকে ‘বাংলা ব্যান্ড মিউজিকের এক বিশাল বটবৃক্ষ’ হিসেবে আখ্যা দেন। সেই সঙ্গে নব্বইয়ের দশকের সোনালি দিনগুলো থেকে শুরু করে আজ পর্যন্ত জেমসের সঙ্গে একই মঞ্চে গান গাইতে পারা এবং বাংলা রকসংগীতের এই দীর্ঘ পথচলা ভাগ করে নিতে পারাকে তিনি তার ক্যারিয়ারের অন্যতম আনন্দ ও গর্বের বিষয় বলে উল্লেখ করেন।
নতুন খবর হচ্ছে, দীর্ঘ সময় পর একই মঞ্চে গাইবেন জেমস-হাসান। জানা গেছে, আগামীকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এখানে গাইবেন এই দুই তারকা শিল্পী। আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন জানিয়েছে, জেমসের নগর বাউল ও হাসানের আর্ক ছাড়াও কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।
ফলে একই আয়োজনে দেশের রকসংগীতের পরিচিত কয়েকটি ব্যান্ডের গান উপভোগ করতে পারবেন দর্শকরা। এ ছাড়া গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। পাশাপাশি একক পরিবেশনাও করবেন তিনি। কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে একে রাহুলেরও। কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে দেশের বড় কোনো সংগীত আয়োজনে এই দুই কিংবদন্তিকে একসঙ্গে পারফর্ম করতে দেখা যায়নি।
ফলে এই যৌথ প্রত্যাবর্তনের খবর আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ ব্যান্ড সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। তরুণ থেকে শুরু করে নব্বইয়ের দশকের তরুণÑসব প্রজন্মের ভক্তরাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুই তারকার রক ধামাকা সরাসরি উপভোগ করার জন্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার এই কনসার্টটি শুধু একটি সাধারণ আয়োজন নয়, বরং এটি হতে যাচ্ছেÑ বাংলা রকের ইতিহাসের একটি স্মরণীয় পুনর্মিলনী।
জেমসের চেনা গুরু-বন্দনা আর হাসানের চেনা মেলোডি-রক ঘরানার মেলবন্ধনে ঢাকার মঞ্চ আবারও এক নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে।






















