কুষ্টিয়ার কুমারখালীতে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মনিরা আকতার।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে কুমারখালী উপজেলার লালন একাডেমি চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত লোকজনকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হয়। পরে গড়াই নদীর পাড়ে অবস্থিত রবীন্দ্র-লালন উদ্যান এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।






















