এনসিটি ইজারা চুক্তি বাতিল, শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তা এবং মৌলিক দাবিগুলো পূরণের লক্ষ্যে গণঅনশন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে শান্তিপূর্ণভাবে এই গণঅনশন শুরু হয়।
বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। গণঅনশনে অংশ নেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর এবং ইব্রাহিম খোকন। এ সময় নেতাকর্মীরা ‘আমার বন্দর আমার মা, বিদেশিদের দেব না’ এবং ‘গো ব্যাক, গো ব্যাক, ডিপি ওয়ার্ল্ড, ডিপি ওয়ার্ল্ড’সহ বিভিন্ন স্লোগান দেন।
মো. হুমায়ুন কবীর বলেন, গত ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের দিন বিক্ষোভ মিছিল থেকে আলোচনার জন্য সরকারকে দুই দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই পূর্বঘোষণা অনুযায়ী তাঁরা শান্তিপূর্ণ গণঅনশন কর্মসূচি পালন করছেন। সূত্র জানায়, গত ৮ অক্টোবর বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ১৫ বছর পরিচালনার জন্য কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান স্বাক্ষর করেন।





















