চট্টগ্রামের পটিয়ায় সিএনজি অটোরিকশায় গরু তুলে চুরির চেষ্টাকালে স্থানীয় জনতা দুই নারীকে আটক করেছে। এ সময় চক্রের দুই পুরুষ সদস্য পালিয়ে যান। পরে চুরি করতে নেওয়া গরু ও ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার সেনপাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চার সদস্যের একটি চক্র সিএনজি অটোরিকশা নিয়ে সেনপাড়া এলাকায় আসে। একপর্যায়ে স্থানীয় নুরুল চৌধুরীর একটি গরু অটোরিকশায় তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা চক্রটিকে ধাওয়া করেন।
এ সময় মো. রিফাতসহ কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেন। ধাওয়ার একপর্যায়ে দক্ষিণ ভূর্ষি রেলগেট এলাকায় সিএনজি অটোরিকশাটির গতিরোধ করেন স্থানীয় লোকজন। এ সময় চক্রের দুই পুরুষ সদস্য পালিয়ে গেলেও দুই নারীকে আটক করতে সক্ষম হন তাঁরা। পরে উদ্ধার করা গরু ও সিএনজি অটোরিকশাসহ আটক দুই নারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শী মো. রিফাত বলেন, সাম্প্রতিক সময়ে ধলঘাট এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে।
রোববার দুপুরে নুরুল চৌধুরীর গরু সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে দুই নারীকে আটক করেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করা গরু ও সিএনজি অটোরিকশাসহ দুই নারীকে আটক করেছে। পালিয়ে যাওয়া দুই পুরুষ সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে। আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





















