শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার টানা তিন দিনের সরকারি ছুটি থাকছে। তবে ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস খোলা থাকবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হবে। ওই দিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি অফিসও খোলা থাকবে।
সরকার ঘোষিত ছুটি সব ধরনের সেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহের মতো জরুরি সেবাগুলো চালু থাকবে। একইভাবে ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহন ছুটির আওতার বাইরে থাকবে। হাসপাতাল ও অন্যান্য জরুরি চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরাও এই ছুটি পাবেন না।
ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও কর্মরত থাকবেন। এ ছাড়া জরুরি দায়িত্ব পালনের সঙ্গে সরাসরি যুক্ত সরকারি-বেসরকারি অফিসগুলোও ছুটির বাইরে থাকবে। ছুটির সময়ে ব্যাংক কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে আদালতের কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে।






















