বাদীপক্ষের সঙ্গে আপস করেও দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। বুধবার (০৭ অক্টোবর) তার জামিন আবেদনের শুনানি শেষে নাকচ করে দেন ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম।
এ আদেশের কারণ ব্যাখ্যা করে বিচারক জানান, আসামি শুধু বয়স্ক, এজন্য বা আপসঅযোগ্য ধারার মামলায় আপসনামা দিয়েছে। কিন্তু ভিকটিম একজন অতি অল্পবয়স্ক। তিনি বিভিন্ন নোট লিখে গিয়েছেন। আসামির হেফাজতে থাকা অবস্থায় ভিকটিম আত্মহত্যা করেছেন। আসামি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে বসবাসরত অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়েছে। আসামি জামিনে গেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। সমাজে ন্যায়বিচার সম্পর্কে বিরূপ ধারণা হতে পারে। আসামির হাজতবাস বেশি নয়। এই পর্যায়ে তার জামিন নামঞ্জুর করা হলো। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সংসদ সদস্যদের আবাসিক এলাকায় নজরুলের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের পরদিনই গ্রেপ্তার করা হয় নজরুলকে। তারপর দুদফা রিমান্ড শেষে তিনি এখন রয়েছেন কারাগারে। এ মামলায় নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছিল। তিনি জামিন পেয়েছেন। মামলার অন্য আসামি মরিয়মের মামা ওবায়দুর রহমান গ্রেপ্তার হয়ে রয়েছেন কারাগারে।






















