মাদকের বিরুদ্ধে অভিযানে কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকা থেকে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ থেকে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।






















