চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নে গাছের ডালপালা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আবুল হাশেম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আহমদ নূর মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাশেম ওই এলাকার আহমদ নূর মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। নিহতের স্বজনরা জানান, সকালে নিজ বাড়ির গাছের ডালপালা কাটতে গাছে ওঠেন আবুল হাশেম। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্বজনরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















