সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্যজীবনের ইতি ঘটছে। পরিচয়, বন্ধুত্ব ও প্রেম মিলিয়ে দীর্ঘ প্রায় ১০ বছরের পথচলার পর, পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্যের কারণে তারা আলাদা হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলাদা দুটি বিবৃতির মাধ্যমে ভক্তদের এ খবর নিশ্চিত করেছেন তারা। হঠাৎ করে নয়, বরং দীর্ঘদিনের পারিবারিক আলোচনা ও নিজেদের গভীর ভাবনার পরই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে প্রীতম ফেসবুক পোস্টে লিখেন, পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।
আমরা একসঙ্গে যে সময়, স্মৃতি ও অভিজ্ঞতা পার করেছি, তার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময় থাকবে। শেহতাজ মনিরা হাশেমও তার পোস্টে একই সুর বজায় রেখে জানান যে, সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পেরেছেনÑ পারস্পরিক কিছু মতপার্থক্যের কারণে একসঙ্গে থাকার চেয়ে আলাদা পথে এগিয়ে যাওয়াই তাদের দুজনের ভবিষ্যতের জন্য শ্রেয়।
তিনি আরও স্পষ্ট করেন, সিদ্ধান্তটি নেওয়ার ক্ষেত্রে তাদের দুই পরিবারের সম্পূর্ণ সমর্থন ও সম্মতি রয়েছে। প্রীতম ও শেহতাজের এই সম্পর্কের গল্পটা প্রায় এক দশকের পুরোনো। প্রীতম হাসানের গাওয়া তুমুল জনপ্রিয় গান ‘মিথ্যা’র মিউজিক ভিডিওতে প্রথম মডেল হয়েছিলেন শেহতাজ। সেই কাজের সূত্র ধরেই দুজনের পরিচয়, যা সময়ের সঙ্গে সঙ্গে গভীর বন্ধুত্ব এবং পরে প্রেমে রূপ নেয়।
দীর্ঘ প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের ২৮ অক্টোবর দুই পরিবারের সম্মতিতে মহাসমারোহে শ্রীমঙ্গলে বিয়ের পিড়িতে বসেন এই তারকা যুগল। পর্দায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেÑযেখানেই তাদের দেখা যেত, এক অদ্ভুত মিষ্টি রসায়ন নজর কাড়ত ভক্তদের। শাকিব-অপু কিংবা অন্য বড় তারকা জুটির পর এই প্রজন্মের তরুণদের কাছে প্রীতম-শেহতাজ ছিলেন আইডল কাপল।
ফলে তাদের এই বিচ্ছেদের খবরে নেট দুনিয়ায় ভক্তদের মাঝে ব্যাপক আফসোস ও মন খারাপের জোয়ার বইছে। জীবনের এই কঠিন ও পরিবর্তনের মুহূর্তে প্রীতম ও শেহতাজ উভয়েই মিডিয়া ও শুভাকাক্সক্ষীদের কাছে নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তাকে সম্মান জানানোর জোরালো অনুরোধ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন যেন বন্ধু, সহকর্মী ও গণমাধ্যম পুরো বিষয়টি অত্যন্ত সহমর্মিতা এবং সম্মানের সঙ্গে বিবেচনা করে।
তবে ঠিক কী কারণে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি।






















