যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর পশ্চিমপাড়ায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ২৫টি মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে। এর আগে একইভাবে আরও হাঁস-মুরগি হত্যার পাশাপাশি একটি ছাগলকে কুপিয়ে জখম করার অভিযোগও করেছেন ভুক্তভোগী আব্বাস।
এ ঘটনায় তিনি একই গ্রামের জয়রুল মন্ডল ও তার তিন ছেলে জিন্নু মন্ডল, জাহিদ ও জিহাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে আব্বাস বলেন, বাড়ির পাশে খামারে তিনি হাঁস-মুরগি পালন করেন। তার খামারের হাঁস-মুরগি মাঝে মধ্যে জয়রুল মন্ডলের বাড়ির উঠানে গেলে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়। গত ৩ অক্টোবর বিষ মেশানো খাবার খেয়ে ২৫টি মুরগি মারা যায়।
এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আব্বাস অভিযোগে আরও বলেন, কিছুদিন আগেও বিষ মেশানো খাবার খাইয়ে বেশ কিছু হাঁস-মুরগি হত্যা করা হয়। তার একটি ছাগলকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়। এসব ঘটনার প্রতিবাদ জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন আব্বাস। বিষয়টি নিয়ে আগে মীমাংসা হলেও অভিযুক্তরা তা মানেননি বলেও দাবি তার।
ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে কথা বললে তারা আবারও ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে তার হাঁস-মুরগি ও অন্যান্য গবাদিপশুরও ক্ষতি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আব্বাস। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






















