যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা, ভুল বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। অসত্য তথ্য কিংবা জাল নথি জমা দিলে ভিসার আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন আবেদনকারীরা।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় এ বিষয়ে ভিসাপ্রত্যাশীদের দৃষ্টি আকর্ষণ করে দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়, আবেদনকারীদের অতীতের অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের কাছে থাকতে পারে। ফলে সাক্ষাৎকারের সময় অতীতের কোনো ঘটনা গোপন করা বা সে বিষয়ে অসত্য তথ্য দেওয়া আবেদনকারীর জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভিসা সাক্ষাৎকারে আবেদনকারীদের সব প্রশ্নের উত্তর সততার সঙ্গে দেওয়া উচিত। কোনো তথ্য আড়াল করা, বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া কিংবা জাল নথিপত্র উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। দূতাবাস সতর্ক করে জানিয়েছে, এ ধরনের অনিয়মের কারণে ভিসার আবেদন প্রত্যাখ্যান হতে পারে। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।


























