পাবনায় পুলিশের সহায়তায় ২৭ দিন পর হারিয়ে যাওয়া প্রিয় পোষা পার্শিয়ান জাতের বিড়াল ‘লিলি’কে ফিরে পেয়েছেন এর মালিক খুশি। প্রায় এক বছর বয়সী বিড়ালটিকে সন্তানের মতোই লালন-পালন করে আসছিলেন তিনি।
পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার বাসিন্দা রিয়াজ মোল্লার মেয়ে খুশি প্রায় আট বছর ধরে বিভিন্ন জাতের বিড়াল পালন করছেন। গত ৩ সেপ্টেম্বর হঠাৎ তার আদরের পার্শিয়ান জাতের বিড়াল ‘লিলি’ বাড়ি থেকে হারিয়ে যায়। প্রিয় পোষা প্রাণীটি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে খুশির পরিবার। লিলিকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।
পাশাপাশি পোস্টার লাগানোসহ বিভিন্ন মাধ্যমে বিড়ালটির সন্ধান চাওয়া হয়। এরই মধ্যে একটি অজ্ঞাত নম্বর থেকে পরিবারের কাছে ফোন আসে। ফোনে কথাবার্তার একপর্যায়ে সন্দেহ তৈরি হলে তারা পাবনা সদর থানায় অভিযোগ করেন। পাবনা সদর থানার এএসআই আফরোজা বিড়ালটি উদ্ধারের দায়িত্ব নেন। তিনি ওই নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে বিড়ালটির অবস্থান শনাক্ত করেন।
পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় লিলিকে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দীর্ঘ ২৭ দিন পর প্রিয় পোষা প্রাণীটিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন খুশি ও তাঁর পরিবারের সদস্যরা। আদরের বিড়ালটিকে কোলে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন খুশি। খুশি বলেন, লিলিকে আমরা পরিবারের একজন সদস্যের মতোই ভালোবাসি। ওকে হারানোর পর খুব কষ্টে ছিলাম। পুলিশ আমাদের সহযোগিতা করে লিলিকে উদ্ধার করে দিয়েছে।
তাকে আবার কাছে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। পাবনা সদর থানার এএসআই আফরোজা বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখি। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বিড়ালটির অবস্থান শনাক্ত করা হয়। পরে সেটিকে উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পোষা প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা ও মমত্ববোধের পাশাপাশি পুলিশের আন্তরিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ‘লিলি’ ফিরে পেয়েছে তার আপন ঠিকানা।
প্রিয় পোষা প্রাণীকে ফিরে পাওয়ায় খুশির পরিবারে এখন আনন্দের আবহ।






















