ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মিরপুর ফায়ার স্টেশনের অভ্যন্তরে নির্মাণ করা হচ্ছে ১২ তলা বহুতল আবাসিক ভবন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১টায় মিরপুর ফায়ার স্টেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হলে মিরপুর ফায়ার স্টেশনের ফায়ারফাইটারদের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট তাঁকে সশ্রদ্ধ অভিবাদন জানায়।
পরে প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. ছরোয়ার হোসেন প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফায়ার সার্ভিসের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন মিরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান। পরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উন্নয়ন উইং) মো. নুরুজ্জামান হোসেন জহির এবং স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ভবনের নকশাকার নূর-এ আসমানি।
প্রকল্প পরিচালক মো. ছরোয়ার হোসেন তাঁর বক্তব্যে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট গণপূর্ত, পিডব্লিউডি ও স্থাপত্য অধিদপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। পরে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ভবনটি নির্মাণ হলে ৪৪টি পরিবার ১ হাজার ২৫০ বর্গফুট আয়তনের বাসায় বসবাসের সুযোগ পাবে। এর মাধ্যমে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। তিনি আরও বলেন, ভবনটিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বসবাসের সুবিধাও নিশ্চিত করা হয়েছে। বক্তব্য শেষে প্রধান অতিথি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে নির্মাণস্থলে প্রতীকী মাটি কেটে ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন।
পরে প্রকল্প ও ফায়ার সার্ভিসের সাফল্য কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ফায়ার সার্ভিস, পিডব্লিউডি ও গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






















