রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ ওঠায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাড্ডা সেন্টারে হামলার পর থেকেই আলোচনায় রয়েছেন বিএনপির এই নারী সংসদ সদস্য। রাজনীতিতে তার উত্থান, দলীয় কর্মকাণ্ড এবং মিরপুরের রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া বিষয়টি বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। ২০২৬ সালের ৩ মে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেন। সংসদ সদস্য হিসেবে এটি তার প্রথম মেয়াদ। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, তিনি সংসদের দুটি কমিটির সদস্য। সংরক্ষিত নারী আসনের জন্য ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে মনোনীত করে।
১৯৭৪ সালের ১৫ জানুয়ারি জন্ম নেওয়া মিষ্টির পেশা ব্যবসা। ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক পথচলা শুরু হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে। পরে তিনি কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন। স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থাকেন।






















