সিরাজগঞ্জ সদর উপজেলার গুপিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন স্বাক্ষরিত ২৮ সেপ্টেম্বর এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সিরাজগঞ্জ সদরের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে শামীমা জাহানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশিদ জিন্নাহর সঙ্গে অসদাচরণ, লোকজন নিয়ে এসে হুমকি প্রদান, জাল স্বাক্ষর সংগ্রহ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল, সংবাদমাধ্যমে কর্তৃপক্ষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান এবং সরকারি কর্মচারীদের সম্পর্কে জনমনে বিরূপ ধারণা সৃষ্টির অভিযোগ পাওয়া যায়।
এছাড়া তার নেতৃত্বে আরও চারজন সহকারী শিক্ষককে সংগঠিত করে বিদ্যালয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগও আনা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। আদেশে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
আদেশ জারির তারিখ থেকেই এটি কার্যকর হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন বলেন, আমরা যাচাই করছি। দুইটি তদন্তে দেখা গেছে, সহকারী শিক্ষকরা জাল স্বাক্ষর করে অভিযোগ করেছেন। তদন্তে তা প্রমাণিত হয়েছে। সহকারী শিক্ষকদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগও প্রমাণিত হয়েছে। তদন্ত কর্মকর্তা যে রিপোর্ট দিয়েছেন, তার ভিত্তিতেই আমরা একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি।
বাকি মোট পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।






















