দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অনুভূত হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে নরসিংদী জেলার শিবপুরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। ভূমিকম্পটির শ্রেণি মৃদু বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে।


























