মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর আওতাধীন কুরমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৮৬/এম থেকে আনুমানিক ২ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপুঞ্জি জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা-পুলিশকে অবহিত করা হয়। পরে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অস্ত্র দুটি কমলগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে ৪৬ বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি বিভিন্ন ধরনের বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক বলেন, ‘বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
’ তিনি আরও বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















