টেলিভিশন নাটকের দুনিয়ায় তিনি এক জাদুকর। গত আড়াই দশক ধরে দর্শককে কখনো হাসিয়েছেন, কখনো কাঁদিয়েছেন, আবার কখনো বা ভাসিয়েছেন তীব্র প্রেমের ভেলায়। তিনি নির্মাতা চয়নিকা চৌধুরী। তার পরিচালনা ক্যারিয়ারের গৌরবময় ২৫ বছর উদযাপন উপলক্ষে এবার নির্মিত হয়েছে বিশেষ টেলিছবি ‘সময় একটু থামো’।
আর এই মাইলফলক উদযাপনে তার সঙ্গী হয়েছেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী, যার কেন্দ্রবিন্দুতে আছেন গুণী অভিনেতা আফজাল হোসেন এবং প্রতিভাবান অভিনেত্রী জাকিয়া বারী মম। ইফফাত আরেফিন মাহমুদের গল্পে নির্মিত হয়েছে এই বিশেষ টেলিছবিটি। ২৫ বছর ধরে ক্যামেরার পেছনে গল্প বুনে যাওয়া চয়নিকা চৌধুরী এই কাজটিকে তার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের জায়গা হিসেবে দেখছেন।
নতুন এই টেলিছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘এর গল্প অসাধারণ। দেশের অত্যন্ত গুণী অভিনয়শিল্পীরা এখানে একসঙ্গে কাজ করছেন, যা আমার পঁচিশ বছরের এই পথচলাকে আরও সমৃদ্ধ করেছে। ’ গল্পের ভাঁজে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা ‘সময় একটু থামো’ টেলিছবিটির গল্প আবর্তিত হয়েছে এক চিরচেনা কিন্তু গভীর মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে।
গল্পে দেখা যাবে, দীর্ঘ ১৫ বছর পর হঠাৎ দেখা হয় ড. আয়াজ নামের এক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে। আয়াজ তার পূর্বপরিচিত। দেড় দশকের এই দীর্ঘ বিরতির পর তাদের এই আকস্মিক দেখাকে কেন্দ্র করেই গল্পে একের পর এক নতুন মোড় আসতে থাকে। ঘটতে থাকে নানা নাটকীয় ও মজার ঘটনা। যান্ত্রিক জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া পুরোনো আবেগ, সম্পর্কের সমীকরণ এবং কিছু অমীমাংসিত প্রশ্নকে সামনে নিয়ে আসবে এই গল্প।
টেলিছবিটির মূল চরিত্রে আফজাল হোসেন এবং জাকিয়া বারী মম অভিনয় করলেও এতে আরও থাকছেন একঝাঁক জনপ্রিয় মুখ। তারা হলেনÑ মোশাররফ করিম, ফারজানা ছবি ও রিয়া। এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে রোজি সিদ্দিকীকে। এটি প্রযোজনা করেছে গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমা। ২৫ বছরের পথচলা নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘এই দীর্ঘ পথচলার মধ্যে কষ্ট, দুঃখ, সংগ্রাম যেমন ছিল, তেমনি ছিল অনেক ভালোবাসা।
আমি বিশ্বাস করি, আমার জীবনের সেরা কাজটা এখনো করতে পারিনি, সামনে আরও অনেক দূর যেতে হবে। ’ ২৫ বছরের এই জাঁকজমকপূর্ণ উদযাপন এবং সম্পর্কের টানাপোড়েনের এই গল্পটি দেখতে দর্শকদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী ১৮ সেপ্টেম্বর স্যাটেলাইট চ্যানেল ‘চ্যানেল আই’-এর পর্দায় এটি আনুষ্ঠানিকভাবে প্রচারিত হবে। সময়ের গতি হয়তো কখনো থামানো যায় না, তবে চয়নিকা চৌধুরীর ‘সময় একটু থামো’ যে দর্শকদের কিছুক্ষণের জন্য হলেও নস্টালজিয়ায় ভাসিয়ে রাখবে, তা বলাই বাহুল্য।



















