যশোরের মনিরামপুরে একটি বাড়ি থেকে অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের অচেতন চার সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন আনসার-ভিডিপির সদস্যরা। গত শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের হাকোবা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাকোবা গ্রামের মো. মিকাইল হোসেনের বাড়ি থেকে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জানতে পেরে ইউনিয়ন আনসার-ভিডিপি দলনেতা মো. জুবায়ের হোসেন দুই ভিডিপি সদস্যকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ঘরের ভেতর একই পরিবারের চার সদস্যকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁদের মধ্যে একজন ছিলেন অন্তঃসত্ত্বা নারী।
পরিস্থিতির গুরুত্ব বুঝে এক মুহূর্তও দেরি করেননি জুবায়ের হোসেন। নিজ উদ্যোগে ও ব্যক্তিগত খরচে ১ হাজার ২০০ টাকা দিয়ে যানবাহনের ব্যবস্থা করে অচেতন চারজনকে দ্রুত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তিনি। পরিবারের কোনো স্বজন তাৎক্ষণিকভাবে উপস্থিত না থাকায় হাসপাতালেও অবস্থান করেন জুবায়ের হোসেন।
চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করার পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যালোচনা করে তদন্ত শুরু করে। খাবারের সঙ্গে চেতনানাশক কোনো পদার্থ মেশানো হয়েছিল কি না, নাকি অন্য কোনো কারণে তারা অচেতন হয়ে পড়েছেন—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া চারজন হলেন—মো. মিকাইল হোসেন, মোছা. সাহিদা বেগম, মো. হায়াত হোসেন ও মোছা. সুরাইয়া বেগম। তাদের বাড়ি হাকোবা গ্রামে। বর্তমানে চারজনের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে অন্তঃসত্ত্বা নারী এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। উদ্ধার অভিযানে অংশ নেন ৬ নম্বর সদর ইউনিয়নের আনসার-ভিডিপি দলনেতা মো. জুবায়ের হোসেন এবং ভিডিপি সদস্য মো. তারেক রহমান ও মো. আক্তারুল।
সংকটের মুহূর্তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অচেতন চারজনকে উদ্ধার, নিজ উদ্যোগে যানবাহনের ব্যবস্থা এবং হাসপাতালে স্বজনের মতো পাশে থেকে চিকিৎসাসেবা নিশ্চিত করায় আনসার-ভিডিপির এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।






















