বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী যুক্তরাষ্ট্রে নতুন আরও একটি কাজ করতে যাচ্ছেন, এমনটাই জানালেন তিনি। গতকাল সকালে তার সঙ্গে নানান বিষয় নিয়ে কথা বলার একফাঁকে মৌসুমী জানালেন কিছুদিনের মধ্যেই তিনি নতুন একটি টেলিফিল্ম কিংবা মুভিতে কাজ করতে যাচ্ছেন।
নাম ‘এ বিউটিফুল লাই’। এর গল্প রচনা ও নির্দেশনা দেবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এর আগেও মৌসুমী নেয়ামূলের নির্দেশনায় কাজ করেছিলেন। তবে আবারও তিনি যুক্তরাষ্ট্রে নেয়ামূলের নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন। মৌসুমী বলেন, ‘এরই মধ্যে “এ বিউটিফুল লাই”-এর কাজ হয়তো শুরু হয়ে যেত। কিন্তু ফোবানাসহ আরও অন্যান্য বিষয়ে সবারই এর মধ্যে ব্যস্ততা আছে।
যে কারণে আমরা আর কটা দিন পর কাজটা শুরু করতে যাচ্ছি। এরই মধ্যে নেয়ামূলের সঙ্গে গল্প নিয়ে বসেছি। গল্পটাতে আরও একটু ডেভেলপ করে তারপর শুটিংয়ে যেতে চাচ্ছি আমরা। “এ বিউটিফুল লাই”Ñমূলত একটা রোড ট্রিপের গল্প। থ্রিলারধর্মী একটা গল্প। যা কিছু ঘটছে, একটা পুরো মিথ্যের ওপর ঘটছে, কিন্তু তারপরও ভালো লাগছে সেই মুহূর্তটাকে।
যে কারণে গল্পটার নাম দেওয়া হয়েছে “এ বিউটিফুল লাই”। কিন্তু এটা আসলে টেলিফিল্ম হবে, নাকি সিনেমা হবেÑসেটা এখনো চূড়ান্ত নয়। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। তবে আশা করছি, একটা উপভোগ্য গল্প পাবেন দর্শক। আর নেয়ামূল তো ভালো কাজ করে। যতœ নেয় নির্মাণে। তার জন্যও শুভ কামনা রইল। ’ মূলত ‘এ বিউটিফুল লাই’-এর মূল চরিত্র বা গল্প মৌসুমীকে কেন্দ্র করেই।
এদিকে যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় মৌসুমীকে। সর্বশেষ মৌসুমী তার নিজের অভিনীত সিনেমার ‘সবার জীবনে প্রেম আসে’ গানটি গেয়ে দর্শককে মুগ্ধ করেছিলেন। আর প্রায়ই তিনি এবং সেখানে অবস্থানরত আরেক জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী ঘুরতে বেরিয়ে যান নিজেদের মতো করে। যুক্তরাষ্ট্রের জীবনটা মৌসুমী তার মা, সন্তান ও বোনদের সঙ্গে সুন্দরভাবেই কাটাচ্ছেন।
সবচেয়ে বড় কথা, জীবনের এই পর্যায়ে এসে মৌসুমী তার মায়ের সঙ্গে থাকতে পারছেনÑএটাই যেন তার কাছে অনেক বড় বিষয়।



















